অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা
নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
রসুলপুরে সরকারবিরোধী স্লোগান ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ
ময়মনসিংহের নান্দাইলে সরকারবিরোধী স্লোগান দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। ১ আগস্ট (শনিবার) উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার নান্দাইল সদর ইউনিয়নের রসুলপুর এলাকার বিলপাড় কাঁচা সড়কে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান দেন। এতে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা ও জনমনে আতঙ্ক সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার পরদিন ১ আগস্ট উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন-
মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জান্নাত উল্লাহ (৩৭)
মোয়াজ্জেমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক শাহীন (৪০)
ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সরকার (২০)
মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম (৩৯)
ঘটনায় নান্দাইল মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় একটি মামলা (মামলা নং-০১) দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “সরকারবিরোধী স্লোগান দিয়ে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এই ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”




Comments