ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে সমবেত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে কিশোরগঞ্জ সদর এলাকার ছয় কিশোরকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে নান্দাইল উপজেলার ৮ নম্বর সিংরইল ইউনিয়নের দিলালপুর ডেকুরাপাড়া এলাকায় অ্যাডভোকেট আবদুল খালেক দাদনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কিশোরগঞ্জের রশিদাবাদ ইউনিয়নের জালাল উদ্দিনের ছেলে তাসিন মিয়া, দুলাল মিয়ার ছেলে নুরুল হক, লতিবাবাদ ইউনিয়নের নয়ন মিয়ার ছেলে প্রত্যয়, আবু বক্করের ছেলে ইকরাম হোসেন, গাইটাল এলাকার আনিস মিয়ার ছেলে জিসান এবং মকবুল হোসেনের ছেলে মোবারক হোসেন।
পুলিশের দাবি, অভিযানের সময় ঘটনাস্থল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ছবি-সম্বলিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কিশোরগঞ্জ জেলা শাখার একটি শোক দিবসের ব্যানার উদ্ধার করা হয়। ব্যানারে ‘শোক থেকেই শক্তি, শোকবহ আগস্ট, বিক্ষোভ মিছিল’ লেখা ছিল। এতে সৌজন্যে ‘খালিদ হাসান তুষার’-এর নাম উল্লেখ রয়েছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, জননিরাপত্তা বিঘ্নিত করা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা নম্বর-১৭ দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এসএ




Comments