খুলনা মহানগরীর নিরালা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি ও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশরাফুজ্জামান জীবন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ২টা ৫০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত নিরালা এলাকার ২ নম্বর কাশেমনগর রোডের ১৩৮/ক নম্বর বাড়ির দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আশরাফুজ্জামান জীবন খুলনা সদর থানাধীন কাশেমনগর এলাকার মৃত আব্দুল হামিদ ও আছিয়া খাতুনের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে নিজ শয়নকক্ষ থেকে আটক করা হয়। পরে কক্ষে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি পয়েন্ট ৩২ বোরের বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কেএমপির গোয়েন্দা বিভাগ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় আশরাফুজ্জামান জীবনের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
এসএ




Comments