Image description

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে দীর্ঘস্থায়ী করতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষকে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। তিনি বলেছেন, ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা না গেলে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে যত পরিকল্পনাই করা হোক, তা টেকসই হবে না।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

আন্দালিভ রহমান বলেন, দেশের উন্নয়নের গুণগত মান বাড়াতে হলে যোগ্য ও সৎ ব্যক্তিদের নেতৃত্বে আসার সুযোগ তৈরি করতে হবে। শুধু অবকাঠামো নির্মাণ বা শিল্পায়ন করলেই উন্নয়ন সম্পূর্ণ হয় না; সেই অর্জন ধরে রাখতে প্রয়োজন দক্ষ নেতৃত্ব।

মন্ত্রী অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশে রাজনৈতিক নেতৃত্বের বড় সংকট তৈরি হয়েছে। মেধাবী ও যোগ্য তরুণদের একটি বড় অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে। একই সঙ্গে রাজনীতিবিদদের নিয়েও সাধারণ মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। এমনকি অনেক রাজনৈতিক পরিবারের সন্তানও রাজনীতিতে আসতে আগ্রহী নন বলে মন্তব্য করেন তিনি।

রাজনীতির গুরুত্ব বোঝাতে উদাহরণ দিয়ে তিনি বলেন, ভালো উপকরণ থাকলেও দক্ষ বাবুর্চি ছাড়া যেমন ভালো খাবার তৈরি করা যায় না, তেমনি ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফল দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়।

বরিশালের ঐতিহ্যের কথা উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, খেলাধুলা থেকে শুরু করে রাজনীতি—বিভিন্ন ক্ষেত্রে বরিশালের মানুষ দেশের নেতৃত্ব দিয়েছেন। পাকিস্তান আমল থেকে স্বাধীনতার পর পর্যন্ত এ অঞ্চল থেকে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, বরিশালকে সত্যিকারের স্বপ্নের নগরী ও সম্ভাবনাময় অঞ্চলে পরিণত করতে হলে নতুন প্রজন্মের যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। শুধু বরিশাল নয়, দেশের সব অঞ্চলের মেধাবী তরুণদের রাজনীতিতে আসার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।

মন্ত্রী আরও বলেন, বর্তমান প্রজন্মের রাজনীতিবিদদের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসার পথ সহজ করা। তরুণদের রাজনীতিতে উৎসাহ দেওয়ার পাশাপাশি এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ও সম্মানের সঙ্গে কাজ করতে পারেন।

আন্দালিভ রহমান বলেন, অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ ও শিল্পায়ন দেশের অগ্রগতির গুরুত্বপূর্ণ অংশ। তবে বর্তমান সময়ে বাংলাদেশের প্রয়োজন গুণগত ও টেকসই উন্নয়ন। আর সেই উন্নয়ন ধরে রাখতে হলে ভালো মানুষকে নেতৃত্বে আনতে হবে।

তিনি বলেন, অনেক অবকাঠামো ও প্রতিষ্ঠান তৈরি করে যাওয়া সম্ভব হলেও যোগ্য নেতৃত্বের অভাবে সেগুলো দীর্ঘমেয়াদে ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে। তাই উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব তৈরির বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে।

বরিশাল থেকে শেরেবাংলা এ কে ফজলুল হকসহ বহু বিশিষ্ট নেতা উঠে আসার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতেও এই অঞ্চল থেকে দেশ পরিচালনায় সক্ষম ও যোগ্য নেতৃত্ব তৈরি হওয়া প্রয়োজন।

তিনি বলেন, তরুণরা চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী বা সফটওয়্যার প্রকৌশলী হওয়ার পাশাপাশি দেশের মেধাবী ও শিক্ষিত তরুণদের কেউ যদি রাজনীতিতে এসে দেশ পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করতে এগিয়ে আসে, সেটিই হতে পারে ইতিবাচক পরিবর্তনের সূচনা।

ডিআর