Image description

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে জামায়াতে ইসলামী দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াতের একের পর এক লংমার্চ কর্মসূচির ঘোষণা সেই ষড়যন্ত্রের অংশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহের সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ জামায়াতের দিকে তাকিয়ে আছে—কীভাবে জামায়াত রাষ্ট্রকে অশান্ত করবে এবং সেই অশান্তির সুযোগ নিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চান। আর জামায়াত ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন শুরু করতে চায়।

তিনি আরও বলেন, “এই জামায়াত স্বার্থের জন্য ভারতের সঙ্গে হাত মেলাতে পারে। আমার সেটিই মনে হচ্ছে। এই জামায়াত আওয়ামী লীগের সঙ্গে ইতোমধ্যে আঁতাত করেছে এবং আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশকে অশান্ত করার জন্য নানা ধরনের চক্রান্ত করছে। সেই চক্রান্তেরই অংশ হিসেবে আমার কাছে মনে হয়, একটি লংমার্চ শেষ করে আরেকটি লংমার্চ হাতে নিয়েছে।”

সারাদেশের মানুষকে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জামায়াতের চরিত্র সম্পর্কে আপনারা জানেন। তারা স্বার্থের জন্য তাদের শত্রুর সঙ্গেও হাত মেলাতে পারে।”

পরে স্থানীয় শিশু-কিশোরদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন রাশেদ খাঁন।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ডিআর