সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন জেরিকা তাসনিম দিশা (১৯)। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরের বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজে হত্যাকাণ্ডের আগে তাহসিফের সঙ্গে উত্তরার একটি বারে অবস্থান এবং বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে ঘোরাঘুরির দৃশ্য পাওয়া গেছে।
এ ঘটনায় জেরিকা তাসনিম দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশের রিমান্ড আবেদনে দিশার বাবার নাম দিদারুল আলম দিদার এবং মায়ের নাম জেসমিন আক্তার উল্লেখ করা হয়েছে। তার বাসা রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুরের মমিন সরণিতে।
রোববার (১ নভেম্বর) রাত ২টার দিকে নিজ বাসা থেকে নারী পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।
শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এনএ




Comments