গাজীপুরে দুই নারীর বাসায় মিলল ১৫ হাজার পিস ইয়াবা, গ্রেপ্তার ২
গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে মাদক কারবারের অভিযোগে অভিযান চালিয়ে দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁদের নিজ দখলে থাকা দুটি বসতঘর থেকে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রোববার (১ নভেম্বর) রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুরের মদিনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নারীরা হলেন—ময়মনসিংহের কোতোয়ালি থানার অলিপুর বিদ্যাগঞ্জ এলাকার মৃত শাহজাহানের স্ত্রী নাজমা বেগম (৫৩) এবং নরসিংদী সদর উপজেলার চন্দ্রগোপালদি এলাকার বিপ্লব হোসেনের স্ত্রী সোনিয়া আক্তার (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুর কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল টঙ্গীর পূর্ব আরিচপুরের মদিনাপাড়ার ৩৫ নম্বর ও ১৪৩ নম্বর বাসায় তল্লাশি চালায়।
তল্লাশিকালে দুই নারীর নিজ দখলীয় বসতঘর থেকে মোট ১৫ হাজার পিস ক্ষতিকর অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তাঁরা বসতবাড়ির আড়ালে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে ডিএনসি জানায়।
ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুরের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলায় নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের মাদকবিরোধী কার্যক্রম ভবিষ্যতেও জোরদার থাকবে।
ডিআর




Comments