Image description

প্রতি রোববার মানেই মুম্বাইয়ের ‘জলসা’ ভবনের গেটের সামনে ভক্তদের উপচে পড়া ভিড়। বছরের পর বছর ধরে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে এক নজর দেখার এই ঐতিহ্য চলে আসছে। শারীরিক অসুস্থতা কিংবা ব্যস্ততা—যে পরিস্থিতিই থাকুক না কেন, অনুরাগীদের ভালোবাসার জবাব দিতে দরজায় এসে দাঁড়ানো হাতছাড়া করেন না তিনি। তবে এবারের রোববারের দৃশ্যটি ছিল সম্পূর্ণ ভিন্ন ও নজিরবিহীন।

এবার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নয়, বরং বুলেটপ্রুফ কাচের তৈরি বিশেষ নিরাপত্তা ঘেরাটোপের ভেতর থেকেই অনুরাগীদের অভিবাদন জানিয়েছেন বিগ বি। আর এই পুরো সময় জুড়ে তাঁর পাশে ছায়ার মতো দাঁড়িয়ে কড়া নজর রাখতে দেখা গেছে ছেলে অভিষেক বচ্চনকে।

সাম্প্রতিক সময়ে বি-টাউনের একের পর এক প্রথম সারির তারকাদের নিরাপত্তাজনিত হুমকি ও আক্রমণ উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। সাইফ আলী খান, টাইগার শ্রফ, সালমান খান ও পরিচালক রোহিত শেঠিকে ঘিরে একের পর এক হুমকি, বাড়ি লক্ষ্য করে গুলি চালানো ও হামলার চেষ্টার পর বলিউডে তারকাদের সুরক্ষাব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্প্রতি আরেক তারকা অক্ষয় কুমারের বাড়ির বাইরেও বুলেটপ্রুফ কাচের আস্তরণ তৈরির খবর মেলে।

এরই মধ্যে মুম্বাইয়ের আইকনিক ভবন 'জলসা' উড়িয়ে দেওয়ার একটি উড়ো হুমকি আসার পর নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। তাৎক্ষণিকভাবে অমিতাভ বচ্চনের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। সেই সতর্কতারই প্রত্যক্ষ অংশ হিসেবে রোববারের রেওয়াজ রক্ষা করতে বুলেটপ্রুফ কাচের আড়াল থেকেই অনুরাগীদের শুভকামনা জানান এই বর্ষীয়ান মেগাস্টার।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে হাত নেড়ে বাইরে অপেক্ষমাণ হাজারো ভক্তের উদ্দেশ্যে হাসি মুখে অভিবাদন জানাচ্ছেন অমিতাভ, আর পাশে সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন অভিষেক বচ্চন।

ভিডিওটি ভাইরাল হতেই ভক্ত ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই বর্ষীয়ান অভিনেতার সুরক্ষায় চিন্তিত হয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। এক অনুরাগী লিখেছেন, “আমাদের শুভকামনা ও প্রার্থনা সবসময় আপনার সঙ্গে রয়েছে স্যার, চিন্তা করবেন না।” অন্য একজন নিরাপত্তা জোরদারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে লেখেন, “এমন পরিস্থিতিতে এটা অত্যন্ত সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত।”

তবে স্বভাবসুলভ ভঙ্গিতে কিছু নেটিজেন অভিষেক বচ্চনকে নিয়ে খোঁচা দিতেও ছাড়েননি। এক ব্যবহারকারী রসিকতা করে কমেন্ট করেছেন, “মানুষ যত বড় ও সফল হয়, ভয়ও যেন তত বেশি! অভিষেককে দেখুন, কেমন বিন্দাস নিশ্চিন্তে দাঁড়িয়ে আছেন!”

সব সমালোচনা ও আলোচনা সত্ত্বেও বহু বছরের ঐতিহ্যে ভাটা পড়তে দেননি অমিতাভ বচ্চন। নিরাপত্তার বুলেটপ্রুফ কাচের দেয়াল ভেদ করেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন বলিউডের এই কিংবদন্তি।

ডিআর