ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সদ্য নির্বাচিত মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান মঙ্গলবার (৩ নভেম্বর) সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।
মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে নতুন এই দুই সংসদ সদস্যের আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ‘ধানের শীষ’ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন।
উল্লেখ্য, এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নিয়ম অনুযায়ী সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এলিজা জামান। সোমবার (২ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পর রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তাঁকে নির্বাচিত ঘোষণা করেন।
গত ১ অক্টোবর বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি ব্যক্তিগত কারণে পদত্যাগ করলে সংরক্ষিত এই আসনটি শূন্য ঘোষিত হয়েছিল। সেই আসনটিতেই উপনির্বাচনের মাধ্যমে এবার স্থলাভিষিক্ত হলেন এলিজা জামান।
ডিআর




Comments