পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভারের চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলোতে পুরোদমে কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কাজ শুরু হয়েছে। ঈদের দিন দুপুরের পর থেকেই রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকাগুলো থেকে চামড়াবাহী ট্রাক ও বিভিন্ন যানবাহন সাভারে আসতে শুরু করে।
শিল্পনগরী সূত্র জানায়, আজ শুক্রবার (২৯ মে) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন ট্যানারিতে সর্বমোট ৪ লাখ ৬৪ হাজার ৪০৯টি কাঁচা চামড়া এসে পৌঁছেছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৪ লাখ ৪৮ হাজার ৩১৯টি এবং ছাগল ও ভেড়ার চামড়া এসেছে ১৬ হাজার ৯০টি।
ট্যানারি মালিকরা জানিয়েছেন, ঢাকার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা কর্তৃপক্ষ এবং মৌসুমী ব্যবসায়ীরা তাদের সংগ্রহ করা কোরবানির পশুর চামড়া সরাসরি সাভারের এই শিল্পনগরীতে নিয়ে আসছেন।
চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য প্রতিটি ট্যানারিতে এখন চরম ব্যস্ততা বিরাজ করছে। শ্রমিকরা দ্রুততার সঙ্গে চামড়ায় লবণ দিয়ে প্রাথমিক প্রক্রিয়াজাতকরণ এবং বৈজ্ঞানিক উপায়ে তা সংরক্ষণের কাজ চালিয়ে যাচ্ছেন। ট্যানারি সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী কয়েক দিনে চামড়া আসার পরিমাণ আরও বাড়বে।




Comments