Image description

টানা দুই দফা কমার পর দেশের বাজারে আবারও লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

সোমবার (২২ জুন) সকালে বাজুসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গ্রাহককে এখন ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা খরচ করতে হবে।

এর আগে টানা দুই দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল, যা বাজারে কিছুটা স্বস্তি এনেছিল। তবে মাত্র কয়েক দিনের ব্যবধানে বড় অঙ্কের এই মূল্যবৃদ্ধি স্বর্ণের বাজারে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। স্বর্ণের দাম বাড়ার ফলে সাধারণ ক্রেতা ও জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মানবকণ্ঠ/ডিআর