Image description

দেশের অর্থনীতিতে সুবাতাস বইয়ে দিয়ে প্রবাসী আয়ের ক্ষেত্রে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। চলতি জুন মাসের প্রথম ২৩ দিনেই প্রবাসীরা বৈধ পথে ২২৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৭ হাজার কোটি টাকারও বেশি। এই হিসেবে চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৯ কোটি ৭৩ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আনুষ্ঠানিকভাবে এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত বছরের জুনের এই সময়ে দেশে ২২০ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। বছর ব্যবধানে এই প্রবৃদ্ধি অর্থনীতির জন্য বেশ স্বস্তিদায়ক। শুধু তাই নয়, সদ্য সমাপ্ত মে মাসে দেশে প্রায় ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। এটি দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের রেকর্ড।

সার্বিকভাবে চলতি অর্থবছরের রেমিট্যান্স চিত্রেও এক বিশাল লাফ দেখা গেছে। অর্থবছরের জুলাই থেকে শুরু করে গত ২৩ জুন পর্যন্ত সময়ে দেশে মোট ৩ হাজার ৪৯৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর বিপরীতে বিগত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে দেশে মোট প্রবাসী আয় এসেছিল ২ হাজার ৯৭১ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ, গত অর্থবছরের তুলনায় এবার দেশে সার্বিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে ১৭ দশমিক ৮০ শতাংশ। প্রবাসীদের পাঠানো এই বিপুল অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখছে।

মানবকণ্ঠ/আরআই