Image description

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের ইরানে নতুন করে হামলার পর বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ওঠানামা দেখা গেছে। জ্বালানি তেলের দাম ও মার্কিন ডলারের মূল্য শক্তিশালী হওয়ায় স্বর্ণের বাজার অস্থির হয়ে উঠেছে। খবর রয়টার্সের।

বুধবার (৮ জুলাই) গ্রিনিচ মান সময় ০৩:০৫ পর্যন্ত স্পট গোল্ডের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৫ দশমিক ৫৯ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের শুরুতে স্বর্ণের দাম ২ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

অন্যদিকে, আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৬ দশমিক ৩০ ডলারে নেমে আসে।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক অভিযানের পর মূল্যস্ফীতি এবং উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ বেড়েছে। পাশাপাশি, মার্কিন ফেডারেল রিজার্ভের জুন মাসের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় থাকায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন, যা স্বর্ণবাজারে অস্থিরতা তৈরি করেছে।
মানবকণ্ঠ/এমআর