Image description

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিয়ে চরম উদ্বেগের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম আবারও উল্লেখযোগ্য হারে বেড়েছে। মূলত এই অঞ্চলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে আসায় এবং নতুন করে ভূ-রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ তীব্র হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.১৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগে সোমবারের লেনদেন চলাকালীন ব্রেন্টের দাম জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.০৪ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে অবশ্য দাম ১ শতাংশের বেশি বেড়ে ৮৫.৩৭ ডলারে উঠেছিল।

বাজার বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে সমঝোতার সম্ভাবনা ক্রমেই ফিকে হয়ে আসায় তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। তেহরান আরও আক্রমণাত্মক অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়ার পর উত্তেজনা চরমে পৌঁছেছে। এর বিপরীতে ওয়াশিংটনও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে।

এরই মধ্যে হরমুজ প্রণালিতে একটি জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বাইরে যাওয়ার সময় একটি জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতের শিকার হয়। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন ক্রু আহত হয়েছেন। বর্তমানে ওমানের কোস্টগার্ড বাকি ক্রুদের সহায়তা প্রদান করছে। তবে এ ঘটনায় পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাটি তদন্ত করছে। একই সঙ্গে ওই স্পর্শকাতর এলাকা দিয়ে চলাচলকারী অন্যান্য জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং যেকোনো সন্দেহজনক তৎপরতা দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে পরামর্শ দেওয়া হয়েছে।

ডিআর