Image description

সৌদি আরবে সাম্প্রতিক হামলা ও হরমুজ প্রণালীতে ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার চরম উদ্বেগ তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একলাফে বেড়ে গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সোমবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার অতিক্রম করেছে। গ্রিনিচ মান সময় ১৩টা ২১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার ৭ সেন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৬ ডলার ৭৯ সেন্টে, যা গত ২৯ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ ডলার ৬৯ সেন্ট (১.৮%) বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ ডলার ৫৪ সেন্টে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলা (যাতে ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন) এবং ওমান উপকূল ও হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে নতুন করে হামলার ঘটনা তেল সরবরাহের পুনরুদ্ধার প্রক্রিয়াকে ধসিয়ে দিয়েছে। এসইবি ব্যাংকের শীর্ষ বিশ্লেষক বিয়ারনে শিলড্রপ জানান, হরমুজ প্রণালী দিয়ে তেলের স্বাভাবিক সরবরাহ ফেরার যে আশা তৈরি হয়েছিল, এই হামলায় তা মারাত্মকভাবে ধাক্কা খেয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক আর্থিক সংস্থা 'গোল্ডম্যান স্যাকস' আগামী ডিসেম্বরে ব্রেন্ট ক্রুডের সম্ভাব্য গড় দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলার থেকে বাড়িয়ে ৯০ ডলারে উন্নীত করেছে।

অন্যদিকে, বিশ্বব্যাপী এই চরম জ্বালানি সংকটের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে অবিলম্বে ৩ লাখ টনের বেশি ডিজেল মার্কিন ও বিশ্ববাজারে সরবরাহের ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এই ঘোষণার পরপরই ইউরোপীয় বাজারে আইসিই গ্যাস অয়েলের দর ২.৩ শতাংশ হ্রাস পেয়ে প্রতি মেট্রিক টন ১,৪৪৯ ডলারে নেমে আসে। তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার নিজস্ব পরিশোধন সক্ষমতা কমে যাওয়ায় এই চুক্তির তাৎক্ষণিক সুফল নিয়ে কিছুটা সংশয় রয়েছে।

এ ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি খাতে হঠাৎ যুদ্ধবিরতির দাবি করলেও, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতোমধ্যে রাশিয়ার বিরুদ্ধে তা লঙ্ঘনের তীব্র অভিযোগ এনেছেন। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল সদস্য দেশগুলোকে তাদের জরুরি মজুদ পর্যালোচনা এবং বাজারে ডিজেল সরবরাহ দ্রুত বাড়ানোর তাগিদ দিয়েছেন।

ডিআর