আন্তঃব্যাংকে ডলারের দাম ফের বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার এর দাম বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সায় উঠেছে।
আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়া ও ব্যাংকগুলোতে আমদানির এলসি খোলার ব্যয় বাড়ার কারণে ডলারের চাহিদা বেড়েছে। এতে এর দামও বাড়তে শুরু করেছে। ফলে দুই সপ্তাহের ব্যবধানে এর দাম বেড়েছে ৭৫ পয়সা।
বৃহস্পতিবার আন্তঃব্যাংকে প্রতি ডলার সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ও সর্বনিম্ন ১২৩ টাকা ৩৯ পয়সা দরে বিক্রি হয়েছে। গড় দাম ছিল ১২৩ টাকা ৪৫ পয়সা।
এদিকে ব্যাংকগুলোতে আগাম ডলার বেচাকেনার পরিমাণও বেড়েছে। গত বুধবার সাড়ে ৭ কোটি ডলার আগাম বেচাকেনা হয়েছে। মঙ্গলবার বেচাকেনা হয়েছিল সাড়ে ৯ কোটি ডলার। গত দুই সপ্তাহ ধরে আন্তঃব্যাংকে ডলারের দাম বাড়ার কারণে রেমিট্যান্সের ডলার কেনার দামও বেড়েছে।
ব্যাংকগুলো এখন সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা দরে ডলার কিনছে। এতে ব্যাংকগুলোর ডলার কেনার খরচ বেড়ে যাওয়ায় গ্রাহকদের কাছে বিক্রির দামও বাড়িয়েছে।




Comments