বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট এবং মার্কিন ফুটবল তারকা ট্র্যাভিস কেলসের সম্ভাব্য বিয়ের আয়োজন ঘিরে সরগরম হয়ে উঠেছে নিউইয়র্ক। শহরের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুক্রবার রাতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হতে পারে বলে জোর গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই তারকা জুটি।
অনেকেই সম্ভাব্য এই আয়োজনকে ‘যুক্তরাষ্ট্রের রাজকীয় বিয়ে’ বলে আখ্যা দিচ্ছেন। তবে অনুষ্ঠানটি আদৌ অনুষ্ঠিত হচ্ছে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কালো রঙের একাধিক এসইউভি গাড়ি প্রবেশ করতে দেখা যায়। সাদা তাবুর আড়ালে অতিথিদের নামিয়ে দেওয়া হয়। মার্কিন গণমাধ্যমের ধারণা, এটি ছিল বিয়ের আগের নৈশভোজ বা মহড়ার আয়োজন।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রায় ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন। আর শুক্রবারের মূল আয়োজনে এক হাজার পর্যন্ত অতিথি অংশ নিতে পারেন।
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানস্থলের আশপাশের কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতির আবেদন করা হয়েছিল। তবে আবেদনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় প্রকাশ করা হয়নি।
সম্ভাব্য অতিথি তালিকায় পপ তারকা সাব্রিনা কার্পেন্টার, ডুয়া লিপা, সেলেনা গোমেজ এবং এড শিরানের নাম শোনা গেলেও তাদের উপস্থিতির বিষয়েও এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি




Comments