ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা দেশটিতে হামলার চেষ্টা হলে সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা।
শুক্রবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওবার্তায় হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেন, সৌদি আরবের যুদ্ধবিমান সানার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক উড়োজাহাজের অবতরণ ঠেকানোর চেষ্টা করেছিল। তবে তাদের বাহিনী ওই যুদ্ধবিমানগুলোর মোকাবিলা করেছে।
ইয়াহইয়া সারি বলেন, সৌদি আরব যদি আবার ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে বা আগ্রাসনের চেষ্টা চালায়, তাহলে স্থল ও সমুদ্রপথে দেশটির বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে জবাব দেওয়া হবে।
তিনি আরও জানান, সম্ভাব্য যেকোনো পরিস্থিতিতেই সানা ও তেহরানের মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে।
এর আগে হুথি-নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, ইরানি উড়োজাহাজটি নিরাপদে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং পরে তেহরানে ফিরে যায়। হুথিদের দাবি, ওই বিমানে তাদের প্রতিনিধিদলের সদস্যরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে তেহরান সফর করেছিলেন।
তবে হুথিদের এই অভিযোগের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া, সৌদি যুদ্ধবিমানের বাধা দেওয়ার দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আল জাজিরা




Comments