Image description

কলম্বিয়ার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা দেইসি আলেখান্দ্রা ওমানিয়া অর্টিজ। ‘আমারান্তা হাঙ্ক’ ছদ্মনামে পরিচিত এই ৩৩ বছর বয়সী রাজনীতিক মার্চের সংসদীয় নির্বাচনে জয়ী হওয়ার পর গত ২০ জুলাই রাজধানী বোগোতায় সিনেটর হিসেবে শপথ নিয়েছেন।

বামপন্থী জোট হিস্টোরিক প্যাক্ট-এর প্রার্থী হিসেবে নির্বাচিত দেইসি আগামী চার বছর নর্তে দে সান্তান্দের অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন।

সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও ২০১৭ সালে তিনি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। সেখানে জনপ্রিয়তা অর্জনের পর দুই বছর পর সেই অঙ্গন ছেড়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন।

দেইসি জানিয়েছেন, সিনেটে তিনি প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পে কর্মরত ব্যক্তিদের শ্রম অধিকার, স্বাস্থ্যসেবা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি নারীর অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, মানসিক স্বাস্থ্য এবং সামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ নেবেন।

নির্বাচনের সময় অতীত পেশা নিয়ে সমালোচনার মুখে পড়লেও তিনি প্রশ্ন তোলেন, প্রাপ্তবয়স্ক বিনোদনশিল্পে কাজ করা একজন নারী কেন জনগণের ভোটে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না? উদাহরণ হিসেবে তিনি ইতালির সাবেক আইনপ্রণেতা ইলোনা স্ট্যালারের কথা উল্লেখ করেন।

কলম্বিয়ার জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সর্বশেষ সিনেট নির্বাচনে হিস্টোরিক প্যাক্ট মোট ভোটের ২২ দশমিক ৭২ শতাংশ পেয়ে ২৫টি আসন জয় করে এবং দেশটির অন্যতম বৃহৎ সংসদীয় জোট হিসেবে প্রতিষ্ঠিত হয়।

শপথের পর দেওয়া এক বক্তব্যে দেইসি বলেন, জীবনের অভিজ্ঞতা তাকে বৈষম্য, স্বাধীনতার সংগ্রাম এবং অর্থনৈতিক বাস্তবতা সম্পর্কে গভীর উপলব্ধি দিয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি সংসদে মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং যৌন নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও পুনর্ব্যক্ত করেন।