Image description

ব্রাজিলিয়ানদের মধ্যে ফুটবল নিয়ে আগ্রহ দিন দিন কমছে। শনিবার প্রকাশিত ‘ডেটাফোলহা’র জরিপের তথ্য বলছে, ১৬ বছর বা তার বেশি বয়সি ব্রাজিলীয়দের ৬৪ শতাংশ ফুটবল নিয়ে আগ্রহী। যার মধ্যে ২৮ শতাংশ বলেছেন ফুটবলে তাদের ‘প্রচুর আগ্রহ’ আছে, ৩৬ শতাংশের আছে ‘কিছুটা আগ্রহ’। বাকি ৩৬ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা ফুটবলের খবর রাখেন না। 

ব্রাজিলের সংবাদমাধ্যম ও’গ্লোবোর প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের সর্বশেষ জরিপের তুলনায় এবার ফুটবলের প্রতি আগ্রহে ৮ শতাংশ পতন ঘটেছে। সে সময় ৭২ শতাংশ মানুষ বলেছিলেন, তারা ফুটবল অনুসরণ করেন, আর ২৮ শতাংশ জানিয়েছিলেন তাদের কোনো আগ্রহ নেই।

জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের ধরনের ওপর ভিত্তি করেও কিছু উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। পুরুষদের মধ্যে ৭৭ শতাংশ মানুষ ফুটবল অনুসরণ করার কথা জানিয়েছেন, যেখানে নারীদের ক্ষেত্রে এই হার ৫২ শতাংশ। 

ব্রাজিলের পাঁচটি অঞ্চলের ১৩৯টি পৌরসভার ২ হাজার ৪ জন মানুষের ওপর এই জরিপ চালানো হয় গত ২২ ও ২৩ জুলাই। এই সমীক্ষার ভুলের সম্ভাব্য মাত্রা (মার্জিন অব এরর) ২ শতাংশ কম বা বেশি হতে পারে।

জরিপের তথ্য বলছে, শিক্ষার হারও ফুটবলের প্রতি আগ্রহের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। প্রাথমিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের মধ্যে ৪৯ শতাংশ ফুটবল অনুসরণ করেন। মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের মধ্যে এই হার বেড়ে দাঁড়ায় ৬৭ শতাংশে, আর উচ্চশিক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে এটি সর্বোচ্চ ৭৫ শতাংশ।