ভারতের আসামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়া প্রায় ৫০০ পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান।
সালমান খানের দাতব্য সংস্থা ‘বিইং হিউম্যান’ এর আগে বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে। এবার ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপে তাদের পুনর্বাসনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নেপালি খুটি গ্রামে এরই মধ্যে প্রায় ২২০টি আধা স্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। এসব ঘর পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি ঘর নির্মাণে প্রায় ৩৫ হাজার থেকে ৪০ হাজার রুপি খরচ হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের অংশ হিসেবে সালমান খান ও তার সংস্থা যৌথভাবে ৫০০টি ঘর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে ২২০টি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সালমান খান। তিনি বলেন, একজন মানুষ হিসেবে অন্য মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।




Comments