Image description

ভারতের স্বাধীনতা দিবসে ভক্তদের শুভেচ্ছা জানাতে গিয়ে চরম বিতর্কের মুখে পড়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুন। জাতীয় পতাকায় অশোক চক্র না থাকা এবং পতাকার ছবিতে নিজের ব্যক্তিগত লোগো ব্যবহার করায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা। তীব্র সমালোচনা ও কটাক্ষের মুখে পড়ে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) থেকে বিতর্কিত সেই পোস্টটি মুছে ফেলতে বাধ্য হয়েছেন তিনি।

ঘটনার সূত্রপাত গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন। ওই দিন এক্সে একটি অলঙ্করণ বা ইলাস্ট্রেশন শেয়ার করে অনুরাগী ও দেশবাসীকে শুভেচ্ছা জানান আল্লু অর্জুন। ছবিটিতে ভারতের ঐতিহাসিক লাল কেল্লা এবং জাতীয় পতাকার একটি চিত্র তুলে ধরা হয়েছিল। তবে পোস্টটি করার পরপরই তা নেটিজেনদের তীক্ষ্ণ নজরে আসে। তারা দেখতে পান, ছবির ব্যাকগ্রাউন্ড বা পেছনের অংশে আবছাভাবে অশোক চক্র দেখা গেলেও মূল জাতীয় পতাকার মাঝে যে নীল রঙের অশোক চক্রটি থাকা বাধ্যতামূলক, সেটি সেখানে নেই।

জাতীয় পতাকার এমন দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। অসন্তোষ প্রকাশ করে এক ব্যবহারকারী লেখেন, ‘ওনার ন্যূনতম সাধারণ জ্ঞানটুকুও নেই। জাতীয় পতাকায় অবশ্যই অশোক চক্র থাকা উচিত।’ একই সঙ্গে জাতীয় দিবসের শুভেচ্ছার ছবির মধ্যে নিজের ব্যক্তিগত লোগো ব্যবহার করা নিয়েও শুরু হয় তীব্র সমালোচনা। অন্য এক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘এমন একটা জাতীয় দিবসের শুভেচ্ছাতেও নিজের লোগো ব্যবহার করেছেন! এটি অত্যন্ত নিচু মানসিকতার পরিচয়।’ কেউ কেউ ব্যঙ্গ করে মন্তব্য করেন, এটি পুরোপুরিই তার ‘জ্ঞানের অভাব’।

তবে বিতর্কের এই ঝড়ের মাঝেও আল্লু অর্জুনকে সমর্থন করেছেন তার অনেক ভক্ত। তাদের দাবি, এটি অভিনেতার নিজের কোনো ভুল নয়, বরং তার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টিমের অসাবধানতার ফল। অভিনেতার পক্ষে সাফাই গেয়ে এক অনুরাগী লিখেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি নিচে অশোক চক্রটি রয়েছে, কিন্তু পতাকায় তা নেই। এটি নিছকই একটি ভুল এবং এটি পুরোপুরি তার টিমের গাফিলতি। এটাকে অযথা বড় কোনো বিষয় বানানোর দরকার নেই।’ যদিও এই পুরো বিতর্ক নিয়ে আল্লু অর্জুন বা তার টিমের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে, আল্লু অর্জুন তার সাম্প্রতিক ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর অসামান্য সাফল্যের পর এবার পা রাখতে চলেছেন নতুন এক বড় প্রজেক্টে। তামিল পরিচালক অ্যাটলির পরিচালনায় একটি সায়েন্স-ফিকশন ঘরানার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি, যার নাম রাখা হয়েছে ‘রাকা’। এই ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন আল্লু অর্জুন ও অ্যাটলি। তারকাবহুল এই সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা পাড়ুকোন, ম্রুণাল ঠাকুর, রাশমিকা মান্দানা, জিম সারভ এবং জাহ্নবী কাপুরের মতো একঝাঁক তারকা।

চলতি বছরের এপ্রিল মাসে প্রকাশ পায় ‘রাকা’ সিনেমাটির প্রথম ঝলক। সেই পোস্টারে আল্লু অর্জুনকে চোখে কাজল এবং প্রস্থেটিক মেকআপে এক রহস্যময় লুকে দেখা গিয়েছিল। সিনেমাটিতে আল্লু অর্জুনকে নাকি চারটি ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে। গুঞ্জন উঠেছে, ছবিতে তিনি একই সঙ্গে একজন দাদু, বাবা এবং দুই ছেলের চরিত্রে অভিনয় করবেন। বিশাল বাজেটের এই মেগা সায়েন্স-ফিকশন ড্রামাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি

ডিআর