দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান এবার দর্শকদের সামনে হাজির হলেন একেবারেই নতুন এক রূপে। বিদেশের মাটিতে বিভিন্ন মঞ্চ অনুষ্ঠান, নাচ কিংবা ডিগবাজির মাধ্যমে প্রায়ই আলোচনায় থাকলেও এবার তিনি নজর কেড়েছেন বড় বাজেটের একটি মিউজিক ভিডিওর মডেল হয়ে। ‘শিকারি’ শিরোনামের এই বিশেষ মিউজিক ভিডিওটি বৃহস্পতিবার (২২ আগস্ট) ‘লুডু মিউজিক’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই গানটির জোর প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক। গানটির শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জায়েদ খান জানান, মিউজিক ভিডিওটিতে বিলাসবহুল স্পোর্টসকার, দৃষ্টিনন্দন মোটরসাইকেল এবং রুশ মডেলদের উপস্থিতি রয়েছে। পুরো কাজটি করা হয়েছে হলিউড সিনেমার আদলে আকর্ষণীয় সব লোকেশনে, যা তার ক্যারিয়ারে সম্পূর্ণ নতুন ও ভিন্নমাত্রার এক অভিজ্ঞতা।
ভিডিওটির নির্মাণশৈলী নিয়ে জায়েদ খান অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলেন, "দর্শক সাধারণত যে ধরনের বিনোদন খোঁজেন, তার চেয়ে অনেক উন্নত মানের আয়োজন রয়েছে এতে। যুক্তরাষ্ট্রে দীর্ঘ প্রবাসজীবনে হলিউড ঘরানার কাজের যে একটি অপ্রাপ্তি ছিল, এই মিউজিক ভিডিওর মাধ্যমে তা পূরণ হয়েছে।"
তিনি আরও জানান, চলচ্চিত্রের একটি গানের পেছনে যে পরিমাণ সময় ও শ্রম দেওয়া হয়, তার থেকেও বেশি যত্ন নিয়ে নিউইয়র্ক ও ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামিদামি স্পটে এর চিত্রায়ন করা হয়েছে। দেশে ও প্রবাসে থাকা দর্শকরা গানটি দারুণ উপভোগ করবেন বলে তিনি বিশ্বাস করেন।
‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী সজীব দাস ও সানজিদা রিমি। গত মাসে দৃশ্যধারণ সম্পন্ন হওয়া এই মিউজিক ভিডিওতে জায়েদ খানের সঙ্গে দেশি-বিদেশি মোট সাতজন মডেল পারফর্ম করেছেন। এতে বাংলাদেশের মডেল ইয়াসমিনের পাশাপাশি অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নিনা ও মারিয়ানা এবং রাশিয়ার জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বদরুদ্দোজা সাগর এবং কোরিওগ্রাফির দায়িত্ব পালন করেছেন রোহান বিল্লাল।
ডিআর




Comments