কুয়েতে ভিজিট ভিসা ও ছুটিতে থাকা প্রবাসীদের জন্য দেওয়া বিশেষ মেয়াদ বাড়ানোর সুবিধা আগামী ১ সেপ্টেম্বর থেকে বাতিল হচ্ছে। ওই দিন থেকে ভিসা ও ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রে আগের নিয়মই কার্যকর হবে।
শনিবার (২২ আগস্ট) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে থাকা বিভিন্ন ধরনের ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সময় দেওয়ার ব্যবস্থা চালু করেছিল দেশটির সরকার।
একইভাবে, কুয়েতের বাইরে ছুটিতে থাকা প্রবাসীদের ছুটির মেয়াদও সাময়িকভাবে তিন মাস বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছিল। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই দুই সুবিধাই বন্ধ করে দেওয়া হবে।
বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বিমান চলাচল ও আন্তর্জাতিক যোগাযোগে সমস্যা দেখা দেয়। এতে অনেক ভিজিট ভিসাধারী নির্ধারিত সময়ে কুয়েত ছাড়তে পারেননি। আবার ছুটিতে থাকা অনেক প্রবাসীও সময়মতো কুয়েতে ফিরতে পারেননি।
এ কারণে ভিসা ও আবাসনসংক্রান্ত নিয়ম ভঙ্গের ঝুঁকি কমাতে কুয়েত সরকার সাময়িকভাবে স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা চালু করেছিল।
তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার সেই বিশেষ সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। ১ সেপ্টেম্বরের পর ভিসা ও ছুটির মেয়াদের ক্ষেত্রে সবাইকে আগের নিয়ম মেনে চলতে হবে।
এসএস




Comments