Image description

রংপুর নগরীতে একটি তালাবদ্ধ বাড়ি থেকে এক পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক, তার স্ত্রী, মেয়ে ও ছেলে রয়েছেন।

শনিবার (২২ আগস্ট) রাতে নগরীর কামালকাছনা মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন—গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়িটি বেশ কিছুদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ ছিল। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে এবং বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে চারজনের মরদেহ উদ্ধার করে।

গণপতি চক্রবর্তী গত বছরের ডিসেম্বরে স্কুলশিক্ষক হিসেবে অবসর নেন। এরপর তিনি রংপুর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে চিকিৎসাসেবা দিতেন।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড অথবা পারিবারিক কোনো ঘটনার ফল হতে পারে বলে ধারণা করছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের বলেন, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থার তদন্ত দল কাজ করছে। কীভাবে চারজনের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এসএস