Image description

নতুন বিজ্ঞাপনচিত্রে পোশাক নিয়ে সমালোচনার মধ্যে প্রেমিক হিসেবে পরিচিত কবীর বাহিয়ার সঙ্গে ছবি প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন।

রক্ষাবন্ধন উপলক্ষে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করেছেন কৃতি। বিজ্ঞাপনটিতে তার পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। তবে এসব নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।

এর মধ্যেই ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন কৃতি। ছবিগুলোর একটিতে তার সঙ্গে দেখা যায় কবীর বাহিয়াকে। অন্য ছবিগুলোতে কৃতিকে একা এবং বোন নুপুর স্যাননের সঙ্গে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, কোনো অবকাশযাপনের সময় ছবিগুলো তোলা।

ছবিগুলোর ক্যাপশনে কৃতি লেখেন, ‘কিছু স্মৃতি ক্যামেরাবন্দী করলাম; আর অনেক মুহূর্ত বেঁচে নিলাম।’

কবীর বাহিয়ার সঙ্গে কৃতির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই বলিউডে গুঞ্জন রয়েছে। তবে নিজেদের সম্পর্কের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি দুজনের কেউই। এর আগে বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে দেখা গেলেও এবার কৃতির নিজের পোস্টে কবীরকে দেখা গেল।

রক্ষাবন্ধনের বিজ্ঞাপনটিতে কৃতির পরনে ছিল আইভরি রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজ, কেপের মতো শ্রাগ ও ড্রেপ করা স্কার্ট। বিজ্ঞাপনটি উৎসবকে আধুনিকভাবে উপস্থাপনের উদ্দেশ্যে তৈরি হলেও পোশাক নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকে।

এদিকে গত ১৪ আগস্ট ওটিটিতে মুক্তি পেয়েছে কৃতি অভিনীত ‘ককটেল ২’। সিনেমাটি নিয়েও দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে ছবিটির সমালোচনা করেছেন। সিনেমাটিতে কৃতির সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।

এসএস