Image description

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। তার কথায়, জীবনের বাকি সময়টা শান্তি ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান।

জীবনের নতুন অধ্যায় নিয়ে পপি বলেন, “সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই। যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।”

পপির এই বক্তব্যে অভিনয়ের ব্যস্ততা থেকে নিজেকে দূরে রেখে শান্ত ও ধর্মীয় জীবনযাপনের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। ফলে চলচ্চিত্রে তার ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত।

এর আগে ২০২৫ সালে অভিনয়ে ফেরার সম্ভাবনা নিয়ে পপি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর ফিরলেও যেকোনো কাজ দিয়ে ফিরতে চান না। ভালো কোনো কাজ পেলেই ফেরার কথা ভেবেছিলেন তিনি। তবে ২০২৬ সালেও তার অভিনয়ে ফেরার কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।

১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ অভিনয়জীবনে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি বিভিন্ন প্রশংসিত চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী।

করোনাভাইরাসের সময় দীর্ঘদিন শুটিং থেকে দূরে ছিলেন পপি। নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সুস্থ হওয়ার পর ২০২১ সালের শুরু থেকে মিডিয়াসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অনেকটাই বন্ধ করে দেন। এরপর তাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিয়ে করে সংসারী হয়েছেন বলেও খবর ছড়ায়।

পরে জানা যায়, পপি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত। বর্তমানে তার বয়স প্রায় চার বছর।

এসএস