Image description

দীর্ঘ ১২ বছরের বিরতির পর ফের পর্দায় জুটি বেঁধেছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। তাঁদের নতুন ছবি ‘দেশু ৭’-এর টিজার প্রকাশের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পুরোনো স্মৃতি, বর্তমান সম্পর্ক ও নতুন ছবির শুটিং নিয়ে খোলামেলা কথা বলেছেন দুই তারকা।

এর আগে ‘ধূমকেতু’ ছবিতে দীর্ঘ বিরতির পর তাঁদের জুটি দর্শকের সামনে ফিরেছিল। ছবিটি ঘিরে দর্শকের উন্মাদনা দেখেই শুভশ্রীর সঙ্গে জুটিকে আবার পর্দায় ফেরানোর কথা ভেবেছিলেন দেব। সেই ভাবনা থেকেই অভিনেত্রীকে ফোন করেন তিনি।

আড্ডায় পুরোনো দিনের কথাও উঠে আসে। দেব জানান, শুভশ্রীর বিয়ের আগের দিনও তাঁদের কথা হয়েছিল। তবে তাঁদের আলোচনার বিষয় ছিল সিনেমা। শুভশ্রীও দেবের কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন। তিনি জানান, দেবের কাজের খবর তিনি রাখতেন এবং একসময় তাঁকে পরিচালকের আসনে দেখার ইচ্ছাও ছিল।

শুভশ্রীর মুখে নিজের খবর রাখার কথা শুনে মজা করে দেব প্রশ্ন করেন, ‘তুমি আমার খবর রাখতে?’ জবাবে শুভশ্রী বলেন, ‘খবর তো সবাই রাখে।’

দুজনের বর্তমান সম্পর্ক নিয়েও স্পষ্ট কথা বলেছেন দেব। তাঁর মতে, তাঁদের মধ্যে এখনও পারস্পরিক শ্রদ্ধা রয়েছে এবং দেখা হলে সৌজন্য বিনিময়ও হয়। কিন্তু এই সাধারণ বিষয় নিয়েই মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অকারণ কাটাছেঁড়া শুরু হয়।

নতুন ছবির শুটিং নিয়েও কথা বলেন তাঁরা। বাজেটের কথা বিবেচনা করে প্রথমে লাদাখের পরিবর্তে ব্যাংককে শুটিং করার পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত আপস করতে চাননি দেব। তাই লাদাখেই হয়েছে ছবির শুটিং। ১২ বছর পর রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে শুরুতে দুজনেরই কিছুটা অস্বস্তি হয়েছিল। পরে সময়ের সঙ্গে পেশাদার অভিনেতার মতোই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন তাঁরা।

আড্ডায় তাঁদের একে-অন্যের পরিবর্তন নিয়েও জানতে চাওয়া হয়। শুভশ্রী জানান, আলাদা করে কোনো ওয়ার্কশপ হয়নি; পরিচালক দেবের নির্দেশনা মেনেই তিনি অভিনয় করেছেন।

দেবের চোখে, শুভশ্রী এখন অনেক বেশি পরিণত। প্রতিকূল পরিস্থিতি সামলানোর দক্ষতাও তাঁর বেড়েছে। এরপরই দেবের মন্তব্যে কিছুটা আবেগঘন হয়ে ওঠে আড্ডা। তিনি বলেন, ‘এই পরিণত বোধটা তখন থাকলে আমরা আলাদা হতাম না। তখন দু’জনেই সরল ছিলাম।’

দেবের এই মন্তব্যে মুহূর্তের জন্য বদলে যায় আড্ডার পরিবেশ। তবে হাসি-ঠাট্টার মধ্যেই পরিস্থিতি সামলে নেন দুজন।
এমআর