Image description

গাজীপুর মহানগরের পূবাইল থানার ডেমরপাড়া এলাকায় বাবার বাড়িতে বেড়াতে এসে প্রাপ্তি মল্লিক পূজা (২৪) নামে এক গৃহবধূ ও বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত প্রাপ্তি মল্লিক পূজা ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই বছর আগে শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্র রায়ের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট ভাইয়ের সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে আসেন পূজা। সোমবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যান এবং সন্ধ্যায় বাড়ি ফেরেন। এরপর গোসল শেষে নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বিচলিত হয়ে পড়েন। একপর্যায়ে তার ভাই অন্য একটি কক্ষের সিলিং দিয়ে ওই কক্ষে প্রবেশ করে পূজাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে দ্রুত দরজা খুলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) বদরুল মিল্লাত জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে পূবাইল থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে মেয়েটির দীর্ঘদিনের পারিবারিক হতাশার কথা জানানো হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

ডিআর