Image description

পরিচালক আতিক সজলের সামাজিক কমেডি ও বাস্তবধর্মী নাটক ‘ডা: আপদ’ মুক্তির পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নাটকটি ইউটিউবে ১২ লাখের বেশি ভিউ অতিক্রম করেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নাটকটির পরিচালক আতিক সজল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে ‘জি সিরিজ বাংলা ড্রামা’ নামের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি দেওয়া হয়। প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয় ব্যাপক আগ্রহ। অল্প সময়ের মধ্যে ১২ লাখ ভিউয়ের মাইলফলক অতিক্রম করায় উচ্ছ্বসিত নির্মাতা ও নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পীরা।

নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, সাবিনা রনি, এশা, রেজাউল, হাবিবুর রহমান, হাসিমুন, ফরহাদ, শিমুল, হাসান ও মালেকাসহ আরও অনেকে।

নাটকটির চিত্রগ্রহণ করেছেন শামসুল ইসলাম লেলিন।

নাটকটি প্রসঙ্গে পরিচালক আতিক সজল বলেন, “বিনোদন হচ্ছে মনের খোরাক। আর নাটক বিনোদনের অন্যতম একটি মাধ্যম। নাটক দেখে দর্শকরা যখন বিমোহিত হন, তখন সেখানেই একজন পরিচালকের সার্থকতা। আশা করছি, নাটকটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে শুরু করেছে। সামনে এটি আরও সাড়া ফেলবে বলে আমি আশাবাদী।”

মুক্তির প্রথম ২৪ ঘণ্টাতেই ১২ লাখের বেশি ভিউ নাটকটির প্রতি দর্শকদের আগ্রহ ও জনপ্রিয়তার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএ