সুদূর অস্ট্রেলিয়ার সিডনিতে এক হলেন ঢাকাই চলচ্চিত্রের কালজয়ী চিত্রনায়িকা শাবনূর ও জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। পরিবারসহ অস্ট্রেলিয়ায় অবকাশ যাপনে থাকা তাসকিনকে নিজের ভাইয়ের বাসায় আতিথ্য দিলেন বাংলা চলচ্চিত্রের এই ‘সুপারস্টার’। সেখানে দুই পরিবারের আনন্দঘন মুহূর্ত ও বিবিকিউ পার্টির মধ্য দিয়ে একটি চমৎকার সন্ধ্যা অতিবাহিত হয়।

দীর্ঘদিন ধরে পরিবারসহ সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। সেখানকার বাংলাদেশি কমিউনিটিতে তিনি অত্যন্ত জনপ্রিয়। দেশ থেকে কোনো তারকা সিডনিতে পা রাখলে শাবনূরের আতিথ্য নেওয়া যেন এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ।

এই আড্ডার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শাবনূর। তাসকিন ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বিবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে। তুমি আমাদের দেশের গর্ব এবং এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করি।’

শাবনূরের আতিথ্যে মুগ্ধ হয়ে তাসকিন আহমেদও একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দারুণ একটি সন্ধ্যা ও বিবিকিউ রাত কাটল। ধন্যবাদ শাবনূর আপু এবং তার পরিবারকে আমাদের আতিথ্য দেওয়ার জন্য।’
উল্লেখ্য, দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। ১-১ ব্যবধানে ড্র হওয়া ওই ঐতিহাসিক সিরিজে তাসকিন আহমেদ দলের অন্যতম সদস্য ছিলেন। সিরিজ শেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম দেশে ফিরলেও তাসকিন, মুমিনুল ও তাইজুলরা বর্তমানে সপরিবারে অস্ট্রেলিয়ায় ছুটি কাটাচ্ছেন।
ডিআর




Comments