Image description

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি নেটদুনিয়ায় পাভেলের একটি বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়।

এই আলোচনার মধ্যেই নাটকটির জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি নতুন তালিকা ও পোস্টারকে কেন্দ্র করে গুঞ্জনের পারদ আরও তুঙ্গে উঠেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর গুরুত্বপূর্ণ শিল্পীদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন কাজল আরেফিন অমি। সেখানে ধারাবাহিকটির নিয়মিত ও বহুল পরিচিত প্রায় সব মূল কুশীলবের নাম ও ছবি থাকলেও রহস্যজনকভাবে পাভেলের নাম কিংবা পোস্টার দেখা যায়নি। অমির সেই পোস্টের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগী ও দর্শকদের মনে প্রশ্ন দানা বাঁধে—তবে কি অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়াতে ধারাবাহিকটি থেকে বাদ পড়লেন 'নোয়াখাইল্লা' চরিত্রে জনপ্রিয় এই অভিনেতা?

অমির প্রকাশ করা তালিকা ও পাভেলের ভাইরাল ভিডিওটি ঘিরে নাটকের দর্শকদের মাঝে এখন নানান সমীকরণ ও কৌতূহল চলছে। নেটিজেনদের একটি বড় অংশ ধারণা করছেন, ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই নাটকটিতে পাভেলের চরিত্র ও উপস্থিতি নিয়ে টিম ‘ব্যাচেলর পয়েন্ট’ বড় কোনো পরিবর্তন এনেছে।

তবে নাটকটি থেকে পাভেলকে চূড়ান্তভাবে বাদ দেওয়ার বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই নিশ্চিত করেনি। এ বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা অভিনেতা সাইদুর রহমান পাভেলের তরফ থেকেও কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। ফলে পুরো বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন ও জল্পনা-কল্পনার ভেতরেই সীমাবদ্ধ রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে দেশের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় নাট্যপ্রযোজনা ‘ব্যাচেলর পয়েন্ট’। এর বিভিন্ন চরিত্র, সংলাপে ও অভিনয়শিল্পীদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন আপডেট প্রায়ই সংবাদ শিরোনামে আসে। এবার টিম ‘ব্যাচেলর পয়েন্ট’-এ পাভেলের ভবিষ্যৎ কী দাঁড়ায়, তা দেখার জন্য মুখিয়ে আছেন অনুরাগী দর্শকরা।

ডিআর