বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ।
সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। একই দিন হারুন-অর-রশীদ বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন।
অফিস আদেশে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে হারুন-অর-রশীদকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব পালনকালে একাডেমির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় আর্থিক ব্যয়, কর্মচারীদের বেতন-ভাতাদি পরিশোধসহ প্রশাসনিক কার্যক্রম বিধি অনুযায়ী সম্পন্ন করবেন তিনি।
এর আগে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর কবি রেজাউদ্দিন স্টালিনকে এক বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তাঁর মেয়াদ পূর্ণ হওয়ায় পদটি শূন্য হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর তৎকালীন মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেন। এরপর একই বছরের ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়। তবে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন।
এরপর ৪ মার্চ ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। পরে ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজকে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। প্রায় এক সপ্তাহ পর ২১ সেপ্টেম্বর রেজাউদ্দিন স্টালিন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন।
এসএস




Comments