Image description

মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা সেন। পারিবারিক অভিনয় ঐতিহ্যের ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় কাজ করছেন তিনি। বয়স ৪৭ পেরিয়ে গেলেও এখনো বিয়ে করেননি এই অভিনেত্রী।

তবে এই বয়সে এসে বিয়ে করার তাগিদও আর অনুভব করেন না বলে জানিয়েছেন রাইমা। কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

হলিউড অভিনেতা টম ক্রুজকে পছন্দ করেন রাইমা। তাই মজা করে তাকে প্রশ্ন করা হয়, টম ক্রুজকে না পাওয়ার কারণেই কি তিনি এখনো একা? জবাবে রাইমা বলেন, তার বোনও এ নিয়ে মজা করেন। তবে সত্যি বলতে, এই বয়সে এসে বিয়ে করার তাগিদ তিনি অনুভব করেন না। সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়ার বিষয়টিও তাকে ভাবায়।

রাইমার বিয়ে না করা নিয়ে তার মা মুনমুন সেন আগে চিন্তা করতেন। তবে এখন পরিস্থিতি দেখে তিনিই মেয়েকে বিয়ের জন্য জোর না করার পরামর্শ দেন। রাইমা জানান, তার মা বলেন, জোর করে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। ভবিষ্যতে একাকিত্ব অনুভব হলে পোষ্য দত্তক নেওয়ার কথাও বলেছেন তিনি।

মা হওয়ার ইচ্ছা আছে কি না—এমন প্রশ্নের জবাবে রাইমা বলেন, তিনি শিশুদের খুব ভালোবাসেন। তবে সন্তান লালন-পালনের দায়িত্ব ঠিকভাবে সামলাতে পারবেন কি না, তা নিয়ে তার ভয় রয়েছে। ভবিষ্যতে তার ইচ্ছা বদলাতেও পারে বলে জানান তিনি।

এ কারণে ভবিষ্যতের কথা ভেবে অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ বা এগ ফ্রিজ করিয়ে রেখেছেন বলে জানান রাইমা। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, শুধু মা হওয়ার জন্য বিয়ে করা তার কাছে প্রয়োজনীয় নয়।

এদিকে রাইমাকে সামনে দেখা যাবে ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ সিনেমায়। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসএস