Image description

ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের হতাশাজনক পারফরম্যান্সের পর এবার তদন্তের মুখে পড়েছেন দলটির তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। বাজি ও অনলাইন জুয়া সংক্রান্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)।

গত ৩০ আগস্ট লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ হওয়ার পর রাত ১টার দিকে লন্ডনের একটি হোটেল থেকে রিজওয়ানকে নিচে ডেকে পাঠান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অ্যান্টি করাপশন কর্মকর্তা কর্নেল আখতার। এ সময় তাকে নিজের মোবাইল ফোন সঙ্গে আনতে বলা হয়।

হোটেলের নিচে রিজওয়ানের সঙ্গে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) এক কর্মকর্তার দেখা হয়। এরপর তাকে বাজি ও অনলাইন জুয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। একপর্যায়ে তার মোবাইল ফোনটি নিয়ে নেওয়া হয়।

রিজওয়ানের দাবি, ফোন নেওয়ার আগে তাকে কোনো লিখিত নোটিশ, অভিযোগের তথ্য বা ফোন জব্দের অনুমতিপত্র দেখানো হয়নি। তাকে বলা হয়েছিল, ফোনটি পরীক্ষা করে তিন ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হবে। তবে কয়েক সপ্তাহ পার হলেও সেটি এখনো ফেরত পাননি তিনি।

বর্তমানে ফোনটি তদন্ত কর্মকর্তাদের কাছে রয়েছে এবং এর ফরেনসিক পরীক্ষা চলছে। তদন্তের অংশ হিসেবে রিজওয়ানের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেন সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে বলে আদালতে করা আবেদনে উল্লেখ করেছেন তিনি।

রিজওয়ান আরও দাবি করেছেন, তাকে কী অপরাধে সন্দেহ করা হচ্ছে বা কোন ঘটনার তদন্ত চলছে, সে বিষয়ে তাকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

তবে আদালত জানিয়েছে, কাউকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া মানেই তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে—এমন নয়। পিসিবির সাবেক আইনপ্রধান তাফাজ্জুল রিজভিও বলেছেন, বর্তমানে রিজওয়ানের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ বা স্বীকারোক্তি নেই। তার মতে, নোটিশের মূল উদ্দেশ্য তথ্য সংগ্রহ করা।

এ বিষয়ে পিসিবি অভ্যন্তরীণ তদন্ত নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

এসএস