Image description

বলিউড সুপারস্টার গোবিন্দ এবং তাঁর নতুন সিনেমা ‘রূপা’-র সহ-অভিনেত্রী কোমল রানী স্বর্ণকারকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি মুম্বাইয়ের এক স্থান থেকে তাঁদের একসঙ্গে বের হতে দেখার পর থেকেই বলিপাড়ায় পরকীয়া ও প্রেমের জল্পনা তুঙ্গে উঠেছে। তবে এবার সেই চর্চায় নতুন মাত্রা যোগ করে গোবিন্দ ও তাঁর সহ-অভিনেত্রীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। গোবিন্দের দীর্ঘদিনের স্ত্রী সুনিতা আহুজার পক্ষে অবস্থান নিয়ে সরাসরি তোপ দেগেছেন তিনি।

এক সাক্ষাৎকারে রাখি সাওয়ান্ত জানান, গোবিন্দের এমন কর্মকাণ্ডে তিনি অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ। ছোটবেলা থেকে প্রেক্ষাগৃহে গোবিন্দের সিনেমা দেখার কথা উল্লেখ করে ক্ষোভের সঙ্গে তিনি বলেন, "গোবিন্দজি, আমার ৬৫,৯৯৯ টাকা ফেরত দিন! আপনি সুনিতাজির সঙ্গে যা করছেন তা চরম অন্যায়।"

তিনি আরও যোগ করেন, ৪০ বছর ধরে সুখে-দুঃখে পাশে থাকা স্ত্রীকে এভাবে ছেড়ে দেওয়া বা অবহেলা করা পুরো দেশের মানুষ মেনে নিতে পারছে না।

সহ-অভিনেত্রী কোমল রানীকে সরাসরি ‘স্বামী চোর’ আখ্যা দিয়ে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়েছেন রাখি। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "আমার সঙ্গে লাগতে এসো না, আমি তোমাকে ছিঁড়ে ফেলব। নিজের সিনেমা নিয়ে শান্তিতে থাকো। অন্য কারও দাম্পত্য জীবন ধ্বংস করে পরপুরুষকে ছিনিয়ে নেওয়ার অনৈতিক চেষ্টা বন্ধ করো।" একই সঙ্গে গোবিন্দের নীতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যিনি ৪০ বছর ধরে নিজের স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকতে পারলেন না, তিনি কীভাবে অন্য কারও প্রতি বিশ্বস্ত থাকবেন?

জানা গেছে, গোবিন্দ ও কোমলের সম্ভাব্য বিয়ের পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে সুনিতা আহুজার সঙ্গে রাখির সরাসরি কথাও হয়েছে। অন্যদিকে এই বিতর্কে কেবল রাখি সাওয়ান্তই নন, কাশ্মেরা শাহ ও দিব্যা খোসলার মতো বিনোদন জগতের প্রভাবশালী একাধিক তারকাও পরোক্ষভাবে এই বিবাহবহির্ভূত সম্পর্কের সমালোচনা করে মন্তব্য করেছেন।

ডিআর