Image description

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ারকে বিমানে যাত্রী ও ক্রুদের সঙ্গে অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কগামী ডেল্টা এয়ারলাইনসের একটি বিমানে শারীরিকভাবে আক্রমণাত্মক আচরণের অভিযোগ উঠেছে ৫৪ বছর বয়সী এই অভিনেত্রীর বিরুদ্ধে।

স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্ক ও নিউ জার্সির পোর্ট অথরিটি পুলিশ বিভাগ এ তথ্য জানিয়েছে।

‘ক্রুয়েল ইনটেনশনস’ ও ‘হেলবয়’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত সেলমাকে রোববার সন্ধ্যায় বিমানে ঘটে যাওয়া ঘটনার সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে হেফাজতে নেওয়া হয়। শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় দুই ফ্লাইট অ্যাটেনডেন্ট আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়।

সোমবার নিউইয়র্কের কুইন্সের একটি আদালতে হামলার অভিযোগে সেলমার শুনানি হয়। অনলাইনে প্রকাশিত শুনানির ভিডিও অনুযায়ী, গ্রেপ্তারের সময় দায়িত্ব পালনকারী এক পুলিশ কর্মকর্তাকে লাথি মারার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর এক নার্সকেও লাথি মারার অভিযোগ আনা হয়েছে।

এদিকে ডেল্টা এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, বিশৃঙ্খলা বা বেআইনি আচরণের ক্ষেত্রে তাদের কোনো ছাড় নেই। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

তবে সেলমা ব্লেয়ারের এক প্রতিনিধি জানিয়েছেন, বিমানে থাকাকালে অভিনেত্রীর জরুরি চিকিৎসার প্রয়োজন হয়েছিল। এর জেরেই তিনি এমন আচরণ করেন বলে দাবি করা হয়েছে।

এর আগে একাধিকবার নিজের মাল্টিপল স্ক্লেরোসিস রোগের সঙ্গে লড়াইয়ের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন এই অভিনেত্রী। ২০১৮ সালে তার শরীরে এ অটোইমিউন রোগ শনাক্ত হয়।

এসএস