জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চায় সরকার। তবে বিরোধী দল আলোচনায় অংশ না নিলেও সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি দল ও বিরোধী দলসহ সবাই মিলে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন গ্রহণ করুক—এটাই সরকারের প্রত্যাশা। বিরোধী দলকে বারবার আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, বিরোধী দল একান্তই আলোচনায় না এলে সাংবিধানিক সংশোধন করতেই হবে। কারণ এটি জাতির প্রত্যাশা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সরকারের অঙ্গীকার।
বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং এমপি মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন।
এসএস




Comments