Image description

মস্তিষ্কে টিউমার, অস্ত্রোপচার, রেডিওথেরাপি ও লাইফ সাপোর্ট—গত ১০ মাসে কঠিন সময় পার করেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভারতের চেন্নাইয়ের চিকিৎসকেরা একপর্যায়ে তাঁকে জানিয়েছিলেন, তাঁর আয়ু হয়তো আর সাড়ে চার থেকে পাঁচ বছর। তবে সব প্রতিকূলতা পেরিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। দীর্ঘ ১০ মাসের বিরতি শেষে সম্প্রতি আবারও শুটিংয়ে ফিরেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অসুস্থতা, চিকিৎসা ও অভিনয়ে ফেরার অভিজ্ঞতা তুলে ধরেন তানিয়া বৃষ্টি। তিনি জানান, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো। স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া, হালকা ব্যায়াম ও দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন। তবে অস্ত্রোপচারের পর দীর্ঘদিন মাথা ঘোরা, বমি ও শারীরিক দুর্বলতায় ভুগতে হয়েছে তাঁকে।

দীর্ঘ বিরতির পর ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে ফিরেছেন তানিয়া। এতে ‘সুমি’ চরিত্রে অভিনয় করছেন তিনি। বাবার মৃত্যুর পর পারিবারিক সম্পত্তি নিয়ে চাচার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তাঁর অভিনীত চরিত্রটি।

অভিনেত্রী জানান, শুটিং থেকে দূরে থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সহকর্মীদের নিজের পরিবারের মতো মনে করেন। তাই আবারও শুটিংয়ে ফিরতে পেরে আনন্দিত তিনি। প্রথম দিনের শুটিংয়ে পরিচালক ও প্রযোজনা দলের সদস্যরা তাঁর শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় রেখে সহযোগিতা করেছেন।

তবে এখনও পুরোপুরি সুস্থ নন তানিয়া। চিকিৎসকদের প্রাথমিক অনিচ্ছা সত্ত্বেও অনুরোধ করে একটি নাটকে কাজ করার অনুমতি নিয়েছেন তিনি। তাঁর আরও দুই মাসের কেমোথেরাপি বাকি রয়েছে। এই চিকিৎসা শেষ হলে এমআরআই ও সিটি স্ক্যানের মাধ্যমে টিউমারের সর্বশেষ অবস্থা পরীক্ষা করা হবে।

গত বছরের ডিসেম্বরে একটি নাটকের শুটিংয়ের সময় তীব্র মাথাব্যথা শুরু হয় তানিয়ার। টানা চার দিন ব্যথা নিয়েই কাজ করেন তিনি। পঞ্চম দিন তীব্র বমি শুরু হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরদিন পরীক্ষায় মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়।

শুরুতে অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হওয়ার আশা থাকলেও ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালের একজন অনকোলজিস্ট তাঁকে সর্বোচ্চ সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচার কথা জানান। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

পরবর্তী সময়ে দ্বিতীয় অস্ত্রোপচারের সময় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। একপর্যায়ে তাঁকে লাইফ সাপোর্টেও রাখতে হয়। সেই কঠিন সময়ে মা ও বোনের পাশাপাশি সহকর্মী মোশাররফ করিম, নিলয় ও প্রযোজক আলী বশীরসহ নাট্যাঙ্গনের অনেকেই তাঁর খোঁজখবর নিয়েছেন।

২০১২ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করা তানিয়া বৃষ্টি এখন নতুন করে ক্যারিয়ার সাজাতে চান।