ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অভিনয়ের পাশাপাশি গানেও পারদর্শী। মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গানের ঝলকও শেয়ার করেন তিনি। এবার শুটিংয়ের ফাঁকে দুই কুকুরের সঙ্গে ইংরেজি চর্চা করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
রোববার (১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন তটিনী। এতে দেখা যায়, রাতের আবছা আলোয় দুটি কুকুরের সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলছেন তিনি। পাশাপাশি নিজের ইংরেজি ঠিক হচ্ছে কি না, তা জানতে চান দর্শকদের কাছে।
ভিডিওতে একটি কুকুরকে দেখে তটিনী বলেন, সেটিকে দেখতে সুন্দর ও নিষ্পাপ মনে হলেও চোখে আগ্রাসী ভাব রয়েছে। পরে কুকুরটিকে নিজের ‘বন্ধু’ হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি। প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারেন, কুকুরটি বেশ শান্ত। একপর্যায়ে হাত বাড়িয়ে সেটিকে আদরও করেন।
অন্য কুকুরটিকে দেখে হলিউড তারকা কাইলি জেনারের কথা মনে পড়ে যায় তটিনীর। তার দাবি, কুকুরটির চেহারা কাইলি জেনারের মতো।
তটিনীর এই মজার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ফেসবুকে ভিডিওটি ৩ লাখ ৭৫ হাজারের বেশি বার দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া জানিয়েছেন ১৭ হাজারের বেশি মানুষ। ভিডিওটি নিয়ে মন্তব্য করেছেন অনেক অনুসারী।
এদিকে ইমরাউল রাফাত পরিচালিত নতুন নাটক ‘মন দুনিয়া’য় অভিনয় করেছেন তটিনী। এতে তার সহশিল্পী তৌসিফ মাহবুব। আগামী মঙ্গলবার নাটকটির টিজার প্রকাশের কথা রয়েছে। আর ৬ নভেম্বর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।




Comments