Image description

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নেওয়ায় মৃতের সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪২ জন নতুন রোগী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিন ও সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন ৬ জনের মৃত্যু নিয়ে চলতি ২০২৬ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৯ জনে। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসের ২৯ দিনেই মারা গেছেন সর্বোচ্চ ১৪২ জন। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে রোগী মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৯৪২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সারাদেশে মোট আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৬৭২ জনে।

সংকটাপন্ন ও ভর্তি রোগীদের মাঝে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫১ জন। ফলে এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৮ জন ডেঙ্গু রোগী।

গত ২৪ ঘণ্টার ভৌগোলিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৭৮৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩০১ জন, খুলনা বিভাগে ২৬৪ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ১২০ জন এবং রংপুর বিভাগে ৫৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিকিৎসক ও বিশেষজ্ঞরা ডেঙ্গু থেকে সুরক্ষায় মশার কামড় এড়িয়ে চলা, ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং বাসা-বাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দিচ্ছেন।

ডিআর