ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে তণ্ডবলীলা চালিয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঝড়ের কবলে পড়ে প্রবল বাতাসে গাছ উপড়ে পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যটিতে অন্তত পাঁচজনের করুণ মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম, অনাকাপল্লে, কাকিনাড়া, কোনাসীমা এবং পশ্চিম গোদাবরী জেলায় ঝড়ের প্রভাবে পৃথক দুর্ঘটনায় একজন করে মোট পাঁচজন মারা গেছেন। ভারী বৃষ্টিপাত ও প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় বহু গাছপালা উপড়ে গেছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) তথ্যমতে, বুধবার স্থানীয় সময় রাত ২টা থেকে সকাল ৮টার মধ্যে অন্ধ্র প্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় 'অর্ণব'। উপকূল অতিক্রমের সময় এটি অতি প্রবল ঘূর্ণিঝড় (Very Severe Cyclonic Storm) হিসেবে আছড়ে পড়ে।
উপকূল অতিক্রমের মুহূর্তে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের (Landfall Process) প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এর কেন্দ্রভাগ পুরোপুরি স্থলভাগে অবস্থান করছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে শক্তি হারাবে। আগামী ছয় ঘণ্টার মধ্যে 'অর্ণব' সাধারণ ঘূর্ণিঝড়ে এবং পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে ইতোমধ্যে ব্যাপক উদ্ধার কার্যক্রম শুরু করেছে স্থানীয় ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দল (NDRF)।
ডিআর




Comments