Image description

স্বৈরাচারী শাসনের ভয়াবহ দমন-পীড়ন ও রক্তচক্ষু উপেক্ষা করে সোনারগাঁয়ের রাজপথে আন্দোলন-সংগ্রামে সবসময় অগ্রভাগে ছিলেন প্রয়াত নেতা আবু সিদ্দিক মোল্লা। মিথ্যা মামলা, অন্যায্য কারাবাস কিংবা রাজনৈতিক হয়রানি—কোনো কিছুই তাকে আদর্শের পথ থেকে বিচ্যুত করতে পারেনি।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমবাগ এলাকায় সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সিদ্দিক মোল্লার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, "আবু সিদ্দিক মোল্লা কোনো সাধারণ রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি ছিলেন রাজপথের এক নির্ভীক সেনানী। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তাকে রাজনৈতিকভাবে প্রতিনিয়ত হয়রানি করেছে, ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে, এমনকি অন্যায়ভাবে জেলে পুরে রেখেছিল। কারণ, সিদ্দিক মোল্লা ছিলেন সেই সময়ে স্বৈরাচারের এক বড় আতঙ্ক।"

তিনি আরও বলেন, "তার বলিষ্ঠ নেতৃত্বে জামপুর ইউনিয়নসহ সমগ্র সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দল এক শক্তিশালী ও সুসংগঠিত ঘাঁটিতে পরিণত হয়েছিল। রাজপথের আন্দোলনে তার এই অসামান্য অবদান সোনারগাঁ বিএনপি ও অঙ্গসংগঠন সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।"

অনুষ্ঠানের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু বলেন, "আবু সিদ্দিক মোল্লা তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন কীভাবে নীতির জায়গায় অবিচল থাকতে হয়। ফ্যাসিস্ট সরকারের নির্দয় নির্যাতনের পরও তাকে রাজপথ থেকে সরানো যায়নি। জীবনের শেষ দিনগুলোতেও তাকে স্বাভাবিকভাবে নিজের বাড়িতে আসতে দেওয়া হয়নি—এটাই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ও শক্তিশালী নেতা ছিলেন।

"বিশেষ অতিথির বক্তব্যে সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মল্লিক ও নজরুল ইসলাম টিটু বলেন, "যে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য সিদ্দিক ভাই আজীবন লড়াই করেছেন, সেই আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে যাওয়াই হবে তার স্মৃতির প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন।

"জামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান তাদের বক্তব্যে বলেন, "সিদ্দিক ভাইয়ের শূন্যতা আজও জামপুরবাসী ও সোনারগাঁ বিএনপি অনুভব করে। তার এই ত্যাগ ও সংগ্রাম দলের তরুণ নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।"

মোনাজাত ও গণসংযোগসভায় অন্যান্যের মধ্যে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ মোল্লা, ডালিম হোসেন এবং সাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নয়নসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রয়াত নেতা আবু সিদ্দিক মোল্লার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের উত্তরোত্তর শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ডিআর