জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে (মনুস্কো) নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সার্জেন্ট মো. মামুনুর রশিদের মারা গেছেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৬ মিনিটে শান্তিরক্ষী মামুনুর রশিদ মৃত্যুবরণ করেন। তার মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে। মৃত মামুনুর রশিদের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটি কামারী গ্রামে।
আইএসপিআর জানায়, মামুনুর রশিদ গত বছরের ১১ অক্টোবর বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্টের সদস্য হিসেবে কঙ্গো গমন করেছিলেন।
এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকাকালীন ১৩১ জন বাংলাদেশি সেনাসদস্য শাহাদাত বরণ করেন এবং ২৩২ জন সেনা সদস্য আহত হন। জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে। তাদের এ পেশাদারিত্ব, অবদান ও আত্মত্যাগের ফলেই বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছে বলেও মন্তব্য করেছে আইএসপিআর।




Comments