দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৬.৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় বিকেলে দেশটির উত্তরাঞ্চল এই কম্পনে কেঁপে ওঠে। শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। স্থানীয় সময় বিকেল ৩টা ৫২ মিনিটে আঘাত হানা এই কম্পনটির উৎপত্তিস্থল ছিল কালামা শহর থেকে ২৯ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্ব দিকে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০৯ কিলোমিটার।
অন্যদিকে, চিলি বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় ৫টা ৫২ মিনিটে আঘাত হানে এবং এর উৎপত্তিস্থল ছিল কালামা শহর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে।
ভূমিকম্পের পরপরই চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনোগ্রাফিক সার্ভিস জানিয়েছে, এই কম্পনের বৈশিষ্ট্য সুনামি সৃষ্টির মতো নয়। ফলে চিলির উপকূলে সুনামির কোনো ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। শক্তিশালী এই কম্পনে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments