Image description

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ বা সশস্ত্র সংঘাতকে 'অনিবার্য' বলে আখ্যা দিয়েছেন ইরানের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।

মঙ্গলবার (২ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। 

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে তার এই মন্তব্য সামনে এলো।

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র উপ-প্রধান মোহাম্মদ জাফর আসাদি বলেন, "যুক্তরাষ্ট্র আমাদের পূর্ণ আত্মসমর্পণ চায়, কিন্তু ইরানি জাতি কখনো তাদের কাছে আত্মসমর্পণ করবে না।" 

তিনি আরও যোগ করেন, "যেহেতু আমরা কোনোভাবেই মাথা নত করব না, তাই আত্মসমর্পণ ছাড়া যুদ্ধ এখন অনিবার্য হয়ে পড়েছে।"

সামরিক এই কর্মকর্তা মনে করেন, দুই দেশের মধ্যকার আলোচনার পথ থমকে যাওয়ায় পরিস্থিতি এখন সংঘাতের দিকে মোড় নিচ্ছে। ওয়াশিংটনের কঠোর শর্ত এবং তেহরানের অনমনীয় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ইরানের পক্ষ থেকে এ ধরনের কড়া বার্তা মূলত ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টির কৌশল হতে পারে। তবে উচ্চপদস্থ একজন সামরিক কর্মকর্তার কণ্ঠে ‘যুদ্ধ অনিবার্য’ শব্দটির ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সূত্র: সিবিএস নিউজ