Image description

মিশরে আঘাত হানা একটি শক্তিশালী ভূমিকম্পের কম্পন প্রতিবেশী দেশ ইসরায়েল এবং ডেড সি (মৃত সাগর) অঞ্চলেও অনুভূত হয়েছে। সোমবার (৩ আগস্ট) ভোরে সংঘটিত এই ভূমিকম্পে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স (এনআরআইএজি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬। এর উৎপত্তিস্থল ছিল সুয়েজ শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার উত্তর এবং সিনাই উপদ্বীপ অঞ্চলে। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এই কম্পনের মাত্রা ৫.৪ বলে রেকর্ড করেছে এবং তাদের হিসেবে এটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

ভূমিকম্পের ফলে সৃষ্ট কম্পন দক্ষিণ ইসরায়েল এবং ডেড সি এলাকায় বেশ ভালোভাবেই অনুভূত হয়। ইসরায়েলের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের ফোনে স্বয়ংক্রিয় সতর্কবার্তা পান, যেখানে ভূমিকম্পটির মাত্রা ৫.৯ বলে উল্লেখ করা হয়। তবে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সেন্টার নিশ্চিত করেছে যে, বর্তমানে নতুন কোনো বড় কম্পনের আশঙ্কা না থাকায় বাড়তি কোনো সতর্কতা জারি করা হয়নি।

এদিকে ভূমিকম্পের পরপরই মিশরের রেড ক্রিসেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে এমন প্রদেশগুলোতে জরুরি সাড়াদান পরিকল্পনা (Emergency Response Plan) চালু করেছে। সংস্থাটির পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে, যেসব ভবনে কাঠামোগত দুর্বলতা বা ফাটলের লক্ষণ দেখা যাচ্ছে, সেগুলো থেকে যেন তারা দূরে থাকেন। একইসঙ্গে পরিস্থিতি মূল্যায়ন চলাকালীন সরকারি নির্দেশনা ও পরবর্তী আপডেট অনুসরণ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

জেরুজালেম পোস্টের বরাতে জানা যায়, সিনাই উপদ্বীপে ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় সীমান্তবর্তী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে মিশরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে।

মানবকণ্ঠ/ডিআর