Image description

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে স্থানীয় পাহাড়ি ও সাধারণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

রোববার (২ আগস্ট) রাঙ্গামাটি রিজিয়নের বিলাইছড়ি জোনের উদ্যোগে ফারুয়া হাই স্কুল প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বিলাইছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন তাহজীদ তাসনিফ রিহাত (এএমসি) এই মেডিকেল ক্যাম্পেইনের সার্বিক দায়িত্বে থেকে রোগীদের চিকিৎসাপরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। দুর্গম এই জনপদে আধুনিক চিকিৎসা সুবিধা অপ্রতুল হওয়ায় সকাল থেকেই দূর-দূরান্তের বিভিন্ন পাড়া থেকে মানুষ সেবা নিতে ভিড় জমান।

ক্যাম্পেইনে গোয়াইনছড়ি পাড়া, একজ্জ্যাছড়ি পাড়া, বাঙালি পাড়া, লৈট্টাছড়ি পাড়া, আমকাটাছড়া পাড়া ও সেগুনবাগান পাড়া থেকে আসা সর্বমোট ১৩৭ জন স্থানীয় বাসিন্দাকে সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৩৪ জন পুরুষ, ৮৮ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে।

দুর্গম এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় এমন মানবিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, যাতায়াত ব্যবস্থা কঠিন হওয়ায় সাধারণ চিকিৎসার জন্য তাদের অনেক কষ্ট করতে হয়, সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জন্য অনেক বড় সহায়ক হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর