স্প্যানিশ ছিটমহল সেউতাকে কেন্দ্র করে ইতালির সঙ্গে তৈরি হওয়া বিরোধের জেরে এবার পাল্টা পদক্ষেপ নিয়েছে স্পেন। ইতালি থেকে আসা বিমান ও নৌযানের যাত্রীদের ওপর সাময়িক সীমান্ত নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে দেশটি।
স্পেন সরকারের ঘোষণা অনুযায়ী, শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত থেকে শুরু হয়ে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ সীমান্ত নিয়ন্ত্রণ কার্যকর থাকবে।
নতুন ব্যবস্থার আওতায় ইতালি থেকে স্পেনে প্রবেশকারী যাত্রীদের কঠোরভাবে যাচাই করা হবে। ইতালির নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকদেরও পাসপোর্ট, জাতীয়তা, ভিসা ও প্রয়োজনীয় ভ্রমণ নথি পরীক্ষা করা হবে।
স্পেন সরকার জানিয়েছে, ইতালির সাম্প্রতিক সীমান্ত নিয়ন্ত্রণের সিদ্ধান্তের জেরেই তারা এই পাল্টা ব্যবস্থা নিয়েছে।
এর আগে গত ৩০ জুলাই মরক্কো থেকে স্পেনের আফ্রিকান ছিটমহল সেউতায় অভিবাসনপ্রত্যাশীদের বড় একটি ঢল নামে। প্রায় ৭২ হাজার মানুষ সেখানে প্রবেশের চেষ্টা করেন। তবে প্রবেশকারীদের প্রায় সবাই পরে মরক্কোয় ফিরে যান।
সেউতাকে ঘিরে সৃষ্ট অভিবাসন পরিস্থিতি নিয়ে স্পেন ও ইতালির মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর ধারাবাহিকতায় প্রথমে ইতালি স্পেন থেকে আসা যাত্রীদের ওপর সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ করে। এবার তার জবাবে ইতালি থেকে আসা যাত্রীদের ওপর একই ধরনের ব্যবস্থা নিল স্পেন।
এর ফলে সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে ইউরোপের দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স




Comments