Image description

ইরান যদি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান পথ ‘হরমুজ প্রণালি’ পুরোপুরি খুলে দেয়, তবে তাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক পরমাণু চুক্তি করার দাবি ছেড়ে দিতেও রাজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, নতুন কোনো চুক্তি ছাড়াই শুধু বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করাকেই সামরিক অভিযান সমাপ্তি ও স্থায়ী যুদ্ধবিরতির মূল ভিত্তি হিসেবে মেনে নিতে পারে ওয়াশিংটন।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বেশ কয়েক সপ্তাহ ধরে এমন সিদ্ধান্তের ক্ষেত্র তৈরি করছেন এবং ব্যক্তিগতভাবে জ্যেষ্ঠ সহযোগীদের জানিয়েছেন যে, নতুন কোনো চুক্তি ছাড়াও তিনি আলোচনা থেকে বের হয়ে আসতে প্রস্তুত। তবে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বদলে কোটি কোটি ডলার ক্ষতিপূরণ, নৌ-অবরোধ প্রত্যাহার, অঞ্চলটি থেকে সৈন্য প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবরুদ্ধ ইরানি সম্পত্তি ফেরতের মতো কড়া শর্ত চাপিয়ে দিয়েছে তেহরান। এসব শর্তের কারণে ওয়াশিংটনের কূটনৈতিক সমাধানের সুযোগ এখন অনেকটাই সীমিত।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই ইরান ও ওমানের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথটি বন্ধ করে রাখে তেহরান। ড্রোন ও মিসাইল হামলার মাধ্যমে বৈশ্বিক তেল সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটিয়ে এটিকে নিজেদের প্রধান দরকষাকষির শক্তি বানিয়েছে তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বর্তমানে জ্বালানি তেলের দাম অনেক বেশি। আগামী তিন মাসের মধ্যে মার্কিন মধ্যবর্তী নির্বাচন থাকায় সাধারণ ভোটারদের কাছে সামরিক অভিযানের সফলতা প্রমাণে ট্রাম্পের ওপর চরম রাজনৈতিক চাপ তৈরি হয়েছে।

এমআর